ধানমন্ডি-গুলশান লেকের সংস্কার দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনসংক্রান্ত প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর পরিবেশ ও জলাধার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার ও পুনর্নির্মাণ, নজরুল সরোবর উন্নয়ন এবং ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ সময় গুলশান ও বারিধারা লেকে সংযুক্ত সব অবৈধ বর্জ্য নির্গমন লাইন আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজউকের নেতৃত্বে গুলশান লেকের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

সভায় রাজধানীর লেকগুলো পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আবাসিক ও বাণিজ্যিক ভবনে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ