বিরোধী এমপিদের এলাকায় উন্নয়ন তদারকি নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হলে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিরোধী এমপিদের ভূমিকা সীমিত হয়ে যাবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান বা আইনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকা না থাকায় দলীয় সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এতে করে তারা নির্দিষ্ট কিছু এলাকায় উন্নয়ন কার্যক্রমে যুক্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক সংসদ সদস্যের নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অধিকার রয়েছে। একইভাবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদেরও উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে সরকার মনে করে।
প্রধানমন্ত্রী জানান, সরকারের নিয়ম ও কাঠামোর মধ্যেই এ ধরনের দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং এতে কোনো পক্ষের অধিকার খর্ব করার উদ্দেশ্য নেই।
এছাড়া বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন সংক্রান্ত কোনো সহযোগিতার প্রয়োজন হলে তা জানাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সরকার সরাসরি সহায়তা দেওয়ার চেষ্টা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :