ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডে দু’দফা ভূমিকম্পে লণ্ডভণ্ড, নিহত অন্তত ১৬৪
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুইটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভেনেজুয়েলা। দেশটির বিভিন্ন এলাকায় ভবন ধস ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে এ পর্যন্ত অন্তত ১৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস-এর কাছাকাছি ভূপৃষ্ঠের প্রায় ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে ভূমিকম্প দুটির উৎপত্তি হয়। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭ দশমিক ৫। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় কম্পনে প্রায় ১০০ মিলিয়ন টন টিএনটি বিস্ফোরণের সমপরিমাণ শক্তি নির্গত হয়েছে।
ভূমিকম্পের দুলুনি কারাকাস ছাড়াও মিরান্ডা, লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফ্যালকন অঙ্গরাজ্যে তীব্রভাবে অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাস, মিরান্ডা ও লা গুয়াইরা অঞ্চল। বহু বহুতল ভবন, সেতু ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। অনেক এলাকায় এখনও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ভূমিকম্পের পর আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও সড়কে আশ্রয় নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন। এরই মধ্যে ২০টির বেশি আফটারশক অনুভূত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিন ৩ থেকে ৫ মাত্রার আফটারশক অব্যাহত থাকতে পারে।
এদিকে মানবিক বিপর্যয় মোকাবেলায় যুক্তরাষ্ট্র জরুরি সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদরসহ লাতিন আমেরিকার একাধিক দেশও সহায়তার আশ্বাস দিয়েছে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এটি দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। জীবন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোর পাশাপাশি তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :