শেখ হাসিনা প্রসঙ্গে ভারতের হাইকমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভারতে অবস্থানরত শেখ হাসিনার সম্ভাব্য প্রকাশ্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে।

এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের হাইকমিশনারকে জানান, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বিদ্যমান ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জবাবে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকবে ভারত।

বৈঠকের শেষে উভয় পক্ষ নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ