জমি নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো প্রধান :
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী সন্ত্রাসীচক্রের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ নভেম্বর নাদিরা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সে রাজাপুর উপজেলার বাঘরী এলাকার কাওসার হাওলাদারের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, বাদীর সাথে আসামি মহিবুল্লাহ, আব্দুল্লাহসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলেছে। এ ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আসামিরা মনের ভিতর ক্ষোভ পুষে রাখে এবং নিয়মিত বাদীপক্ষকে খুন–জখমের হুমকি দিয়ে আসছে।
অভিযোগে আরও বলা হয়, ২৬ নভেম্বর সকাল ৮টার দিকে আসামিরা রামদা, শাবল, গাছের লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাদীর সবজিবাগানে হামলা চালায়। সবজিবাগানের বেড়া ভাঙচুর করে লাউ, কুমড়া, পেপে, বেগুনসহ বিভিন্ন রকম ফলের গাছপালা ধ্বংস করে প্রায় ৯৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত বাদী নাদিরা ,হামলা ঠেকাতে গেলে আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। অভিযোগে বলা হয়, এক পর্যায়ে আসামিরা শ্লীলতাহানিও ঘটায় এবং গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত বাদী, নাদিরাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদী নাদিরা জানান, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলাটি আদালত আমলে নিয়ে রাজাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :