মাদক উদ্ধারে কৃতিত্ব, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওসি কক্সবাজার সদর থানার শেখ মোহাম্মদ আলী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্য, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জুন ও জুলাই মাসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ মনিরুজ্জামান তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স), জেলা পুলিশ সুপার (অ্যাডমিন), পুলিশ সুপার (ক্রাইম), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স), অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি শেখ মোহাম্মদ আলী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং এ অর্জনের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মী পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম বিভাগের এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার পেশাগত জীবনের একমাত্র লক্ষ্য হলো অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা এবং সমাজকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাওয়া।”
পুলিশ সূত্রে জানা গেছে, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসা ওসি শেখ মোহাম্মদ আলী এরই মধ্যে কক্সবাজার জেলা পুলিশের আওতায় ১৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার বিরল রেকর্ড গড়েছেন। সর্বশেষ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার এ অর্জন পুলিশের পেশাদারিত্ব ও অপরাধ দমনে ধারাবাহিক সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :