ফার্নেস তেলের দাম আবার বাড়ল, বিদ্যুৎ উৎপাদন খরচে চাপ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটারের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ১১৩ টাকা ৫৪ পয়সায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৮ মে) রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এর আগে ১৮ মে কমিশনের একটি বিশেষ সভায় ফার্নেস তেলের দাম বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন সূত্র জানায়, ফার্নেস তেলের দাম যৌক্তিকভাবে সমন্বয়ের লক্ষ্যে গত ১৫ মার্চ একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ এবং আন্তর্জাতিক বাজারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল এক দফায় প্রতি লিটার ফার্নেস তেলের দাম ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :