তীব্র জ্বর-শরীর ব্যথায় হাসপাতালে মমিতা, বাতিল অস্ট্রেলিয়া সফর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
তীব্র জ্বর ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মমিতা বাইজু। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। শারীরিক অসুস্থতার কারণে এই সপ্তাহে নির্ধারিত অস্ট্রেলিয়া সফরও বাতিল করতে হয়েছে অভিনেত্রীকে।
‘প্রেমালু’ ও ‘জানা নায়গন’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি পাওয়া মমিতা বাইজুর অস্ট্রেলিয়ায় একটি ওনাম উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লেনড্যাক্সিস ক্লাইড ওনাম ২০২৬’ অনুষ্ঠানটি।
তবে মমিতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে অনুষ্ঠানটি স্থগিত করেছে ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন। অভিনেত্রীর টিম ও অনুষ্ঠানস্থলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণের কাজ চলছে।
এদিকে আয়োজকদের প্রকাশ করা এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ায় তার জন্য অপেক্ষা করা দর্শকদের উদ্দেশে কথা বলেছেন মমিতা। সেখানে তিনি জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি এবং চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
ভিডিও বার্তায় মমিতা বলেন, নির্ধারিত তারিখে অস্ট্রেলিয়ায় উপস্থিত হতে না পারায় তিনি দুঃখিত। সম্ভব হলে অবশ্যই সেখানে যেতেন। কিন্তু চিকিৎসকের পরামর্শের কারণে এবার সফর বাতিল করা ছাড়া তার সামনে আর কোনো উপায় ছিল না।
অভিনেত্রী আরও বলেন, ক্লাইড পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা তার রয়েছে। যারা তাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তাদের কাছেও দুঃখ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে অন্য কোনো সময়ে তাদের সঙ্গে দেখা হবে বলে আশা প্রকাশ করেন মমিতা।
এর আগে ক্লাইড মালয়ালি অ্যাসোসিয়েশন মমিতাকে অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করে। তাকে ঘিরে ওনাম উদ্যাপনের প্রস্তুতিও চলছিল। শেষ মুহূর্তে অভিনেত্রীর সফর বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে অনুষ্ঠান আয়োজন না করে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মমিতার টিমের সঙ্গে আলোচনা এবং অনুষ্ঠানস্থলের প্রাপ্যতা নিশ্চিত হওয়ার পর নতুন তারিখ ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :