খামেনির শেষ বিদায়ে উত্তেজনা, তেহরানে ‘আমেরিকার ধ্বংস’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।
আয়োজনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খামেনির প্রতি জনসমর্থন এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য প্রদর্শনের লক্ষ্যেই এই শোকানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনের ওপর তার কালো পাগড়ি রাখা হয়েছে। একই মঞ্চে তার পরিবারের আরও চার সদস্যের কফিন রাখা হয়। মঞ্চটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা শরিফের আদলে।
মোসাল্লার বিশাল প্রাঙ্গণে সকাল থেকেই শোকাহত মানুষের ঢল নামে। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও খামেনির ছবি। পুরো এলাকা পরিণত হয় এক বিশাল শোক সমাবেশে।
এ সময় সমবেত জনতার মধ্যে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান শোনা যায়, যা সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
পরে ধর্মীয় নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ অসংখ্য মানুষ কফিনে শেষ শ্রদ্ধা জানান। সপ্তাহব্যাপী এই রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী দিনগুলোতেও নানা ধর্মীয় ও শোকানুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :