ওসমানীনগরে কাগজপুর–ভাগলপুর সড়ক নির্মাণের উদ্যোগে স্বস্তিতে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর–ভাগলপুর সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী এই সড়কটি স্থানীয়দের নিত্যদিনের দুর্ভোগের কারণ ছিল। অবশেষে উন্নয়ন উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করছেন তারা।
স্থানীয় সূত্র জানায়, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় অচল হয়ে পড়ত। এতে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হতো। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়কটি সংস্কার ও নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।
ভাগলপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদল নেতা মো. হেলাল আহমদ বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট–২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সড়কটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। এই ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে এই সড়ক নির্মাণের দাবিতে সক্রিয় ছিলেন।
এদিকে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী সড়কটির উন্নয়নের জন্য সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদবির করে আসছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়ক নির্মাণ কাজ শুরু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে বলে তারা আশা করছেন।
আপনার মতামত লিখুন :