কোরআনের ১০ কিরাতে সর্বোচ্চ সনদ অর্জন বাংলাদেশি ক্বারির


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ধর্ম ডেস্ক :

পবিত্র কোরআনের ১০ কিরাতে সর্বোচ্চ সনদ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ, মাওলানা, মুফতি ও ক্বারি রায়হান মাহমুদ আজহারি। সম্প্রতি মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনের কিরাত বিষয়ে এই গুরুত্বপূর্ণ সনদ অর্জন করেন তিনি।

কোরআন তিলাওয়াত, হিফজ ও কিরাতের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও সাফল্য রয়েছে রায়হান মাহমুদের। ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট গ্রামের এই তরুণ শৈশব থেকেই কোরআনের প্রতি গভীর অনুরাগ ও মেধার পরিচয় দিয়ে আসছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ইসলামী জ্ঞান ও কোরআনের শিক্ষায় উচ্চতর অধ্যয়ন করছেন।

শৈশবেই সাভারের বড় মাদরাসায় পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন রায়হান। এরপর ঢাকার বিভিন্ন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি। মাওলানা আবু তাহের মিসবাহ পরিচালিত মাদরাসাতুল মাদীনা এবং মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রাবিউল উলুম থেকে মুফতি কোর্স সম্পন্ন করেন। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি ধাপেই তিনি ‘মুমতাজ’ বা সর্বোচ্চ গ্রেড অর্জন করেন।

কোরআন তিলাওয়াতের দক্ষতা আরও বাড়াতে লালবাগের মা‘হাদুল কিরাত থেকে উচ্চতর তাজউইদ ও কিরাতের শিক্ষা গ্রহণ করেন রায়হান। জ্ঞানার্জনের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে তিনি পাড়ি জমান মিসরে।

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও ভাষাবিজ্ঞানে ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে আল-আজহারের তানতা শাখার ‘উলুমুল কোরআন ও কিরাত’ বিভাগে অধ্যয়নরত রয়েছেন রায়হান মাহমুদ। এরই মধ্যে কোরআনের ১০ কিরাতে সর্বোচ্চ সনদ অর্জন করে নিজের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ আরেকটি অর্জন যুক্ত করেছেন তিনি।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতেও রয়েছে রায়হানের উল্লেখযোগ্য সাফল্য। মিসরের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৫৫টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া ‘ওফাউল আজয়াল’ ও ‘সুফারাউল হিদায়া’ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন এই তরুণ ক্বারি।

কোরআনের হিফজ, কিরাত ও ইসলামী শিক্ষায় রায়হান মাহমুদের এই অগ্রযাত্রাকে তার শিক্ষক, পরিবার ও সংশ্লিষ্টরা ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অঙ্গনে কোরআন, ইসলামি জ্ঞান ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা তাদের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ