বৈরী আবহাওয়ায় সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, বাড়তে পারে গ্যাস সংকট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে সামিট এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে টার্মিনালে অবস্থান করা এলএনজি কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে। এতে দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সামিটের এলএনজি টার্মিনাল থেকে কিছু সময় গ্যাস সরবরাহ করা হলেও পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিষয়টি জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে সামিটের টার্মিনালের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ আরও কমে গেছে।
এতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক খাতে চলমান গ্যাস সংকট নতুন করে আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে একই দিন জ্বালানি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সরকারের হাতে নেই।
তিনি জানান, নতুন এলএনজি অবকাঠামো নির্মাণ, টার্মিনাল স্থাপন এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও কূপ খননের মতো দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতির টেকসই উন্নতি সম্ভব হবে।
বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে এই বিঘ্ন কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় সরবরাহ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :