জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দল কমিটিতে কোনো সদস্যের নাম না দিলেও তাদের মতামত ও পরামর্শ গ্রহণে সরকার উন্মুক্ত রয়েছে। তিনি বলেন, যেকোনো সময় বিরোধী দল চাইলে তাদের পরামর্শ কমিটির কাছে উপস্থাপন করতে পারবে।
তিনি আরও জানান, সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত প্রতিটি বিষয় পর্যায়ক্রমে পর্যালোচনা ও আলোচনা করা হবে। একই সঙ্গে সরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন। প্রথম বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। সরকারি দল বিরোধী দলকে কমিটিতে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানালেও তারা কোনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি।
কমিটি গঠনের দিনই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে এ কমিটি প্রত্যাখ্যান করে। তাদের দাবি, সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন এবং অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সংস্কার প্রক্রিয়াই অনুসরণ করা উচিত।
সংবিধান সংশোধন নিয়ে সংসদে আলোচনা শুরু হওয়ায় বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষ কমিটির পরবর্তী বৈঠকগুলোতে সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও মতবিনিময় হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :