বয়স ও বিয়ে নিয়ে কটূক্তি, ট্রলকে কড়া জবাব শমিতা শেঠির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
বয়স ও অবিবাহিত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তবে এ ধরনের মন্তব্যে নীরব না থেকে সরাসরি এবং স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ট্রলের মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে প্রতিক্রিয়া জানান ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে তাকে উদ্দেশ করে করা একাধিক কটাক্ষের উত্তর দেন তিনি। একটি মন্তব্যে লেখা ছিল, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’ এর জবাবে শমিতা লেখেন, ‘হ্যাঁ, আমি বদলাব। সময়ের সঙ্গে সবকিছুই বদলায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্য কখনোই চিরস্থায়ী নয়।’
নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথাও তুলে ধরেন তিনি। শমিতা লেখেন, ‘আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী। সৃষ্টিকর্তা যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরেকটি মন্তব্যে একজন লেখেন, ‘সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তান বড় হয়ে যেত।’ এবার আরও কড়া ভাষায় জবাব দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘তাতে কী? বিয়ে করে আপনি নিজে কী অর্জন করেছেন?’
এ সময় অবিবাহিত নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন শমিতা। তার ভাষায়, ‘আপনারা কেন আমাদের মতো অবিবাহিত নারীদের শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে অনুসরণ করেন? কেন এই পুরুষতান্ত্রিক, গুহামানবসুলভ চিন্তাভাবনা আমাদের ওপর চাপিয়ে দিতে চান?’ শেষে ওই ট্রলকারীকে আনফলো করার পরামর্শও দেন তিনি।
উল্লেখ্য, ২০০০ সালে আদিত্য চোপড়ার সিনেমা মহব্বতে-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শমিতা শেঠির। পরে তিনি জহর, ফরেব ও ক্যাশ-সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। একসময় অভিনয় থেকে বিরতি নিয়ে ইন্টেরিয়র ডিজাইনের কাজেও যুক্ত ছিলেন তিনি।
পরবর্তীতে ঝলক দিখলা জা, খতরোঁ কে খিলাড়ি, বিগ বস ওটিটি ও বিগ বস ১৫-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
কয়েক বছর আগে অভিনেতা রাকেশ বাপাট-এর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও ২০২২ সালে শমিতা জানান, তারা আর একসঙ্গে নেই।
আপনার মতামত লিখুন :