নিরাপত্তার প্রশ্নে ছাড় নয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত : ইরান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি–কে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে রাষ্ট্রীয় তহবিলের একটি অংশ ব্যয় করা হবে এবং এ বিষয়ে কারও অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, এই কর্মসূচি চালু না থাকলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো ইরানের ওপর আধিপত্য বিস্তার করতে পারত। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সক্ষমতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সীমিত করার দাবি জানানো হলেও তেহরান আবারও জানিয়ে দিয়েছে, তারা এই অবস্থান থেকে সরে আসবে না।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক ইস্যুতে আলোচনা চলমান থাকলেও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ এখনো কাটেনি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে ভবিষ্যতেও তেহরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে টানাপোড়েন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :