নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় ছাত্রদল-এর ৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন ও সাবেক যুগ্ম সম্পাদক হাদু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খান আহত হন।

হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ