ইরানের সঙ্গে শান্তি উদ্যোগে ইতিবাচক ফল মিলেছে : পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে মধ্যস্থতার অংশ হিসেবে তেহরানের সঙ্গে পাকিস্তানের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
শনিবার (২৩ মে) ইরানের রাজধানী তেহরানে দেশটির শীর্ষ রাজনৈতিক ও নীতিনির্ধারক নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির–এর উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই মূল্যায়ন জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এই সফরে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচী–এর সঙ্গে পৃথক ও যৌথ বৈঠকে অংশ নেন।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধানের এই ঝটিকা সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনা বা ব্যাক-চ্যানেল কূটনীতিকে নতুন গতি দিয়েছে। আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং একটি গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরিতে পাকিস্তান সক্রিয় ভূমিকা রাখছে বলেও ধারণা করা হচ্ছে।
বৈঠকগুলোতে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধবিরতি কার্যকর করা এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে তেহরান নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় যে, কূটনীতির দরজা খোলা থাকলেও যেকোনো ধরনের বহিরাগত আগ্রাসন বা হামলা মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
ইরানি নেতারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহ প্রকাশ করলেও জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার বার্তাও দিয়েছেন।
আপনার মতামত লিখুন :