শিক্ষা, ক্রীড়া ও প্রযুক্তির সমন্বয়েই সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির মূল ভিত্তি।

রোববার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি কার্যকর ও টেকসই জাতীয় ভিত্তি তৈরি করছে। এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে জাতীয় দল এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান আরও বলেন, আজকের শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ। তাদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বগুণ, শৃঙ্খলা, সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি জানান, আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। এতে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০-এ উন্নীত হবে। পাশাপাশি আরও বেশি প্রতিভাবান শিশু-কিশোরকে অন্তর্ভুক্ত করতে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে সম্প্রসারণ করে ১০-১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা। এ জন্য প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পোস্টের শেষাংশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে অংশগ্রহণকারী সব খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ