ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশনা প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া, উদ্ধার কার্যক্রম এবং সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং উদ্ধার সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়।

জানানো হয়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেইস প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও দ্রুত অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে।

বৈঠকে ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলার সার্বিক কার্যক্রম তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ ভূমিকম্প প্রস্তুতি সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সম্ভাব্য দুর্যোগকালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকায় হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া (এইচএসএ) স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ