ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই দিনের সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, এ বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা সরেজমিনে দেখতে নিজেই মাঠে নামেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টার দিকে তিনি নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নগরীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করতেই এ পরিদর্শন করা হয়।
সফরসূচি অনুযায়ী, গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগ, তালতলা মার্কেট ও বাসাবো সড়ক এলাকা ঘুরে দেখেন। এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার এলাকায় যান।
পরে আদালত সড়ক, নওয়াবপুর, বংশাল রোড, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড ও মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী পর্যন্ত তার পরিদর্শন কার্যক্রম চলে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :