বান্দরবানে ‘সবার জন্য ঈদুল আজহা’ কুরবানি ২৬ সফল করল ছাত্র পরিষদ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখার উদ্যোগে এবারও সম্পন্ন হয়েছে ‘সবার জন্য ঈদুল আজহা’ কর্মসূচি। প্রতি বছরের ধারাবাহিকতায় গরু কুরবানির মাধ্যমে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।
শুক্রবার ঈদুল আজহার দ্বিতীয় দিনে বান্দরবান শহরের পিসিসিপি কার্যালয়ে গরু কুরবানি ও গোশত উপহার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তি, অসহায় ও দুঃস্থ মানুষ এবং উপজাতি নওমুসলিমসহ প্রায় শতাধিক ব্যক্তির হাতে গোশত তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতারা জেএসএস সন্ত্রাসীদের হাতে নিহত শহিদ ওমর ফারুক ত্রিপুরার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, কুরবানি আমাদের ত্যাগ, সংযম ও বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। আগামীর বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে উপজাতি ও বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, কুরবানির মহৎ শিক্ষা কাজে লাগিয়ে মাতৃভূমি রক্ষায় সাহস ও আত্মত্যাগের চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে জাতি ও ধর্ম নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয় এবং অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
মানবিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে কাজ করে সংগঠনটি। ‘সবার জন্য ঈদুল আজহা’ কুরবানি’২৬ সফল করল ছাত্র পরিষদ বান্দরবান জেলা, যা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :