মিরপুরে অজিদের দুঃস্বপ্নের শুরু, শূন্য রানে তিন উইকেট হারিয়ে ইতিহাসে অস্ট্রেলিয়া


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তিন ব্যাটার আউট। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ঠিক সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অস্ট্রেলিয়া। তবে টস হারার হতাশা খুব বেশি সময় টিকেনি স্বাগতিকদের মধ্যে।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই **ম্যাথু শর্ট**কে বোল্ড করে দেন তাসকিন আহমেদ। আগের ম্যাচেও ইনিংসের প্রথম বলেই এই ব্যাটারকে ফিরিয়েছিলেন তাসকিন।

এরপর দ্বিতীয় ওভারে ঝড় তোলেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন কুপার কনোলি। ক্যাচ নিতে ভুল করেননি লিটন দাস। একই ওভারের শেষ বলে ক্যাচ দেন ম্যাট রেন শ। প্রথমে আউট না দিলেও বাংলাদেশ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলান আম্পায়ার। তাতে কোনো রান না করেই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটি চতুর্থবার, যখন কোনো দল ইনিংসের শুরুতে স্কোরবোর্ডে রান ওঠার আগেই প্রথম তিন উইকেট হারাল। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। সেই তালিকায় একবার রয়েছে বাংলাদেশও। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইগারদের বিপক্ষে প্রথম তিন বলে হ্যাটট্রিক করেছিলেন চামিন্দা ভাস।

এই ম্যাচে সিরিজে এগিয়ে থেকেই মাঠে নামে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফলে এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে মেহেদী হাসান মিরাজ–এর দলের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার **সাইফ হাসান**কে বাদ দিয়ে দলে ফিরেছেন সৌম্য সরকার।

অন্যদিকে সিরিজে ফেরার লড়াইয়ে অস্ট্রেলিয়া একাদশে একটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে অভিষেক হওয়া **লিয়াম স্কট**কে বসিয়ে দলে সুযোগ পেয়েছেন পেসার রাইলি মেরেডিথ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ