পল্লবীর আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হবে।

এর আগে, উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। দেশের বিচার ইতিহাসে এটিই প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলা, যার বিচারকাজ শেষ হয়েছে মাত্র চার কার্যদিবসে।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছে।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী প্রধান আসামি সোহেল রানার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, আট বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১ জুন মামলার বিচারকাজ শুরু হয় এবং ২ জুন পরিবার-পরিজন, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

আজকের রায়ের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ