পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, গুরুত্বপূর্ণ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রদবদলের ফলে র্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রংপুর মহানগর পুলিশে (আরপিএমপি) গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
একটি প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপির উপকমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আরও নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে, মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :