তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় সমন, আদালতে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন মামলার বাদী।
এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত সমন জারির আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই হবে।
এদিকে তানজিন তিশা বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
আপনার মতামত লিখুন :