পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দের নির্দেশ, দুদকের তদন্তে নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদ-এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে কক্সবাজার ও রাজধানীর বাড্ডা এলাকায় তার নামে জমি ও প্লটের সন্ধান পাওয়ার পর এসব সম্পদ জব্দের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
দুদকের আবেদনের পর আদালত সংশ্লিষ্ট সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তারা জানান, স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, বিক্রি বা গোপন করা না যায়, সে জন্যই আদালতের কাছে জব্দ ও ফ্রিজ করার আবেদন করা হয়েছিল।
বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, দুদকের তথ্যমতে হারুন অর রশিদ রাজধানীর বনানী ও উত্তরাসহ বিভিন্ন অভিজাত ক্লাবের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, বিপুল অর্থ ব্যয় করে তিনি এসব ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ নেওয়ার তথ্যও তদন্তে উঠে এসেছে।
দুদক বর্তমানে হারুন অর রশিদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত করছে। সংস্থাটি জানিয়েছে, প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, মুরশেদ আলম-এর বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-সংশ্লিষ্ট এনএইচ স্পিনিং মিল-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন-কে আগামী ১৪ জুন দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান কর্মকর্তার কাছে তার বক্তব্য গ্রহণের জন্য এ তলব করা হয়েছে।
অন্যদিকে, দুদকের মামলার আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ-এর সম্পদের মূল্য নির্ধারণে গণপূর্ত অধিদপ্তর একটি সমন্বয় কমিটি গঠন করেছে।
দুদক জানিয়েছে, আলোচিত এসব মামলার তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তে পাওয়া তথ্যের আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :