রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু, জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে জোর আলোচনা। ক্ষমতাসীন দল বিএনপি ইতোমধ্যে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলটির পক্ষ থেকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তবে দলটির একাংশের মত, রাষ্ট্রপতি পদে একজন রাজনৈতিক ও দলীয় নেতৃত্বকেই মনোনয়ন দেওয়া উচিত।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। সোমবার (১০ আগস্ট) জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পরে ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখাই তাদের মূল উদ্দেশ্য। গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতেই তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। সাংবিধানিক বিধান অনুসারে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও সম্পন্ন করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ