পূজা চেরীর বিয়ের তারিখ নিয়ে নতুন গুঞ্জন, যা বললেন অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, আগামী ১৬ সেপ্টেম্বর নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে ছড়িয়ে পড়া এমন খবর সরাসরি নাকচ করে দিয়েছেন পূজা চেরী।
বিয়ের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে ভক্তদের সতর্ক করে পূজা এক বার্তায় বলেন, ‘অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সবকিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।’
চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতোমধ্যে ‘এনগেজড’। তাঁর জীবনসঙ্গী বিনোদন জগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। একই সঙ্গে বিয়ের নির্দিষ্ট তারিখও জানাননি।
এরপর গত আগস্টে গুঞ্জন ছড়িয়ে পড়ে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা চেরী। তখনও সেই খবর অস্বীকার করেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, বিয়ে তাঁর জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত এবং এটি গোপনে করার কোনো ইচ্ছা তাঁর নেই। সময় হলে সবাইকে জানিয়ে উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।
এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও নিজের আগের অবস্থানই পরিষ্কার করেছেন পূজা। তাঁর বক্তব্য অনুযায়ী, বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি তিনিই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাবেন।
তাই ১৬ সেপ্টেম্বর সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
আপনার মতামত লিখুন :