সাশ্রয়ী ডিজিটাল সেবায় জোর, ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান অগি ফাবেলা।
সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্মার্ট ডিভাইসের সহজপ্রাপ্যতা বাড়লে ডিজিটাল সেবায় মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পাশাপাশি প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান। তার মতে, ইন্টারনেট সাশ্রয়ী হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও অন্যান্য ডিজিটাল সেবার সুফল সহজে ভোগ করতে পারবে।
বৈঠকটি দেশের ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে সরকার ও বেসরকারি খাতের পারস্পরিক সহযোগিতার গুরুত্বকে আবারও সামনে এনেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :