কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পাঠানো আধা-সরকারি পত্রের পর্যালোচনা শেষে সম্প্রতি প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানান তিনি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে একটি আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালুর প্রস্তাব করা হয়।

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলে থাকা সামুদ্রিক সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে এ ক্ষেত্রে দেশে এখনও পর্যাপ্ত দক্ষ জনবলের ঘাটতি রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বিওআরআইয়ের বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও জলজ চাষ, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, নীল অর্থনীতি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও আতিথেয়তা-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, নতুন করে শূন্য থেকে অবকাঠামো নির্মাণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নীল অর্থনীতি-সংশ্লিষ্ট বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য একটি কার্যকর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ