কোরবানির বাজারে দেশীয় গরুর আধিপত্য, আমদানি বন্ধ রাখছে সরকার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে সরকার। এবারও দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোনো গরু আমদানি করা হচ্ছে না।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, চাহিদার তুলনায় দেশে পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। ফলে দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই এবার কোরবানির পুরো চাহিদা পূরণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত পথে অবৈধভাবে আনা পশু ব্যবহার না করার বিষয়ে জনসচেতনতাও বাড়ানো হচ্ছে।
এ ছাড়া চোরাই পথে আসা গরু দিয়ে কোরবানি না করার বিষয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মতামত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু কালের কণ্ঠকে বলেন, দেশে বর্তমানে চাহিদার তুলনায় অনেক বেশি গবাদিপশু রয়েছে। তাই এবার ভারতীয় গরু ছাড়াই ঈদ উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। দেশীয় খামারিদের সহজ শর্তে ঋণসহায়তা দেওয়ার বিষয়েও কাজ চলছে।
তিনি আরও বলেন, বাইরে থেকে অবৈধভাবে কোনো গবাদিপশু যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় এবার কোনো পশুর হাট ইজারাও দেওয়া হয়নি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুধু ঈদ নয়, সারা বছর ভোক্তাদের জন্য মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে গবাদিপশুর খাদ্য উৎপাদন ব্যয় কমানো, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে সরকার বলছে, খামারি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় দেশের প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে এবং এবার দেশীয় পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হবে।
আপনার মতামত লিখুন :