এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি, নগরীর চার স্থানে র‍্যালি-সমাবেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মহানগরকে মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) নগরীর কোতোয়ালী মডেল থানার রসময় উচ্চ বিদ্যালয়, জালালাবাদ থানার রায়েরগাঁওস্থ শাহজালাল (রহ.) বাজার, এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ি সংলগ্ন এলাকা এবং শাহপরান (রহ.) থানার পীরের বাজারে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উপস্থিত সবাইকে নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজের প্রতি সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ‘জিনিয়া’ অ্যাপ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তারা ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ