রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র পৌঁছায়।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, শারীরিক অসামর্থ্য বা অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই বিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনেরও ডাক দিয়েছেন স্পিকার। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকারের মনোনয়নে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর নয় মাস আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।
রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন :