পঞ্চগড়ে জমি বিরোধে মামলা করায় দম্পতিকে হত্যাচেষ্টা, দু’দফা হামলায় গুরুতর আহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় :

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রথম দফা হামলার পর থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে ওঠা প্রতিপক্ষ পরদিন ভোরে ওই দম্পতিকে হত্যার উদ্দেশ্যে পুনরায় পিটিয়ে গুরুতর জখম করেছে। বর্তমানে স্বামী-স্ত্রী দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে উপজেলার ১ নম্বর অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। মঙ্গলবার দুপুরে প্রথম দফা হামলার পর থানায় মামলা দায়ের করা হলে বুধবার ভোরে দ্বিতীয় দফায় এই বর্বরোচিত হামলা চালানো হয়।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফারাজউদ্দীনের ছেলে মো. হাসান আলী (৫০)–এর সঙ্গে একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে হাসান আলী নিজ বাড়ির উঠানে টিনের বেড়া দেওয়ার কাজ করার সময় প্রতিপক্ষ মো. রেজাউল করিমের নির্দেশে কয়েকজন লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। হাসান আলীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী মোছা. সহিদা (৪৫)–কে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে দম্পতিকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও চালানো হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা তিনটি ফলন্ত সুপারি গাছ কেটে ফেলে এবং ঘর মেরামতের জন্য রাখা প্রায় ১৫ হাজার টাকা মূল্যের দুই বান টিন লুট করে নেয়। যাওয়ার সময় তারা পরিবারের চলাচলের পথও অবরুদ্ধ করে দেয়।

এ ঘটনার পর মঙ্গলবার রাতে হাসান আলী বাদী হয়ে চারজনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পঞ্চগড় সদর থানা–য় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার প্রধান অভিযুক্তরা হলেন মো. সোহেল রানা (২৭), মো. রাজু (৪০), মো. ইব্রাহিম (৩৫) ও মো. রেজাউল করিম (৪৫)।

ভুক্তভোগী হাসান আলী বলেন, প্রকাশ্যে তাদের মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে, এমনকি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে বিচার চাইতে মামলা করায় বুধবার ভোরে অভিযুক্তরা সরাসরি হত্যার উদ্দেশ্যে আবারও হামলা চালায় এবং পুনরায় লুটপাট করে।

দ্বিতীয় দফার এই হামলায় দম্পতি মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশ নিউজ বাংলা ডট নিউজকে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে একজন আসামিকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর আবার হামলার ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ