সংস্কার শেষের আগেই বুরুঙ্গা বাজার সড়কে ফাটল, মান নিয়ে ক্ষোভ স্থানীয়দের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার সংযোগ সড়কের সংস্কারকাজ এখনো শেষ হয়নি, অথচ এরই মধ্যে বিভিন্ন স্থানে ফাটল, কার্পেটিং উঠে যাওয়া ও পাথর বেরিয়ে আসার অভিযোগ উঠেছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বুরুঙ্গা মোড় থেকে বাজার পর্যন্ত সড়কের একাধিক স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে পাথর ও সুরকি বেরিয়ে এসেছে। প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় পর্যন্ত অংশে ফাটল ও ক্ষয়ের চিহ্ন স্পষ্ট। কোথাও কোথাও ছোট গর্তও তৈরি হয়েছে বলে জানান এলাকাবাসী।

এ ছাড়া সড়কের বিভিন্ন অংশে দুই পাশের মাটি ভরাট অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজ চলমান থাকলেও শুরুতেই এমন ত্রুটি দেখা দেওয়ায় সড়কের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান খালিল আহমদ বলেন, কাজ শেষ হওয়ার আগেই ফাটল ও কার্পেটিং ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। তার দাবি, আগের তুলনায় সড়কের প্রস্থও কমে গেছে, ফলে বিপরীত দিক থেকে আসা দুটি গাড়ির একসঙ্গে চলাচলে সমস্যা হচ্ছে।

ডাচ-বাংলা ব্যাংক বুরুঙ্গা এজেন্ট আউটলেটের পরিচালক সাব্বির আহমদ বলেন, মানুষ একটি টেকসই সড়কের প্রত্যাশা করেছিল। কিন্তু কাজ চলমান অবস্থাতেই ত্রুটি চোখে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী কামাল আহমদ, বাসিন্দা হেলাল মিয়া ও নোমান আহমদ, সিএনজি নেতা মিজান আহমদ এবং চালক সুরুজ আলীসহ অনেকেই অভিযোগ করেন, সড়কের কিছু অংশ আঁকাবাঁকা ও অসমান। এতে বিপরীতমুখী গাড়ি পাশ দিতে হিমশিম খেতে হয়, প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এ বিষয়ে ঠিকাদার বেলাল আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি স্থানে সামান্য ফাটল দেখা দিলেও তা ইতোমধ্যে মেরামত করা হয়েছে। কাজ এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত বিল পরিশোধ করা হয়নি।

ওসমানীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে। কোথাও ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সড়কটি যেন মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ