গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত তিন ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো নতুন ইসরাইলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ জুন) মধ্য গাজার দেইর আল-বালাহ শরণার্থী শিবিরের প্রবেশপথে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, নিহত তিনজনই দায়িত্বে থাকা পুলিশ সদস্য ছিলেন।
হামলার তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এটি বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইল একাধিকবার গাজায় হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বিভিন্ন ফ্রন্টে সামরিক হামলা বন্ধের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। গাজা ও লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করা হয়।
এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে।
আপনার মতামত লিখুন :