রাঙামাটির বাঘাইছড়িতে ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৯০ প্যাকেট বিদেশি ‘উইন’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। প্রতি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :