সিলেটকে আন্তর্জাতিক মানের আধুনিক জনপদে রূপ দিতে উন্নয়ন পরিকল্পনা চলছে : হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
সিলেটকে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে আন্তর্জাতিক মানের আধুনিক জনপদে রূপ দিতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (২৯ মে) বিকেলে ওসমানীনগর উপজেলার নিজ গ্রামে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সিলেটকে আন্তর্জাতিক পর্যটন ও আকাশ যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে একাধিক উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট–কক্সবাজার সরাসরি বিমান রুট চালুর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আকাশ যোগাযোগ সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। চীনের গুয়াংজুসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও চলছে।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং পর্যটন খাত ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রবাসীদের নিরাপত্তা ও হয়রানি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জমি-জমা দখল, চাঁদাবাজি ও পারিবারিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধ দমনে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
সিলেট–২ আসনসহ পুরো অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। উন্নয়ন কাজে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও সাহসী ভূমিকা রাখতে হবে। কোনো সাংবাদিক সত্য প্রকাশে হয়রানির শিকার হলে সরকার তার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :