রোয়াংছড়িতে প্রথম সফরে এমপি সাচিং প্রু জেরী, উন্নয়ন ও পানি সংকট সমাধানে জোর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নম্বর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রথমবারের মতো রোয়াংছড়ি উপজেলা সফর করেছেন। তাঁর এই সফরকে ঘিরে উপজেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় তিনি বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু করেন। পরে অংজাই পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
এরপর তিনি রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম এবং স্থানীয় ভূমি সেবা বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি এবং সঞ্চালনা করেন রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক এবং রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পানির অপর নাম জীবন। যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে, সেখানে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণই আমাদের প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা হবে।
সভায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা ও উন্নয়ন দাবি তুলে ধরেন। এমপি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, এ ধরনের সরাসরি মতবিনিময় পার্বত্য অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং সেবা পৌঁছানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।
আপনার মতামত লিখুন :