বস্ত্রখাতের সংকট কাটাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, গঠন হলো সমন্বয় কমিটি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের বস্ত্রখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বিটিএমএ সভাপতি বলেন, বস্ত্রখাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকারই এসব সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। বর্তমান সরকার যুক্তিসংগত পদক্ষেপ নিলেও সমস্যাগুলো পুরোপুরি সমাধান হতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ সময় উদ্যোক্তারা সরকারকে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শওকত আজিজ রাসেল বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্রখাত আবারও ঘুরে দাঁড়াবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যাগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, বর্তমানে সরকার বস্ত্রখাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ সফল হলে খুব দ্রুত ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
তবে কারখানাগুলো চালু করতে হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন বিটিএমএ সভাপতি।
তিনি আরও বলেন, বস্ত্রখাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের সমস্যা সমাধানে সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশের বস্ত্রশিল্প আবারও শক্তিশালী অবস্থানে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :