পঞ্চগড় জেলার মে মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত পঞ্চগড় সদর থানা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সার্বিক কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য মে/২০২৬ মাসে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর থানা। থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়।
অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় সফল ভূমিকার জন্য পঞ্চগড় সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সিফাত ই রাব্বান।
মঙ্গলবার (৯ জুন) জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ার সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সামুয়েল সাংমা, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), ডিআইও-১, গোয়েন্দা শাখার প্রতিনিধি, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, এই স্বীকৃতি একার নয়, পঞ্চগড় সদর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত পরিশ্রমের ফল। তিনি আরও জানান, একই সময়ে থানার এসআই আসাদুজ্জামান শ্রেষ্ঠ এসআই এবং এএসআই তপন কুমার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের, এতে দায়িত্ব পালনে আরও উৎসাহ ও গতি বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন :