প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর
নিউজ বাংলা ডেস্ক :
২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে অনলাইন ডিজিটাল লটারির মাধ্যমে। পুরো ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এ ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে পরিশোধ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে শিক্ষার্থীদের ডিজিটাল লটারির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
