যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম রাখা হবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও গণপথবিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশ খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাবনায় বলা হয়েছে, উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
প্রস্তাবনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং জনসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কয়েক দশক ধরে তিনি জনগণের সেবায় নিয়োজিত ছিলেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি লাভ করেন। পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন। তার এই উত্তরাধিকার পরিবার এবং পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে তার ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামও তুলে ধরা হয়েছে।
সড়কটির নামকরণের স্থান হিসেবে শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের আশপাশকে বেছে নেওয়ার বিষয়টিও প্রস্তাবনায় ব্যাখ্যা করা হয়েছে। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের অন্যতম প্রতীক। এ ছাড়া বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদান শিকাগোর আকাশসীমার স্থাপত্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, শিকাগো সিটি কাউন্সিলে এটি পাস ও প্রকাশিত হওয়ার পর সড়কটির সম্মানসূচক নামকরণের সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শহরের পরিবহন কমিশনারকে দায়িত্ব দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
