রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলা যাবে না : শিক্ষামন্ত্রী
নিউজ বাংলা ডেস্ক :
শিক্ষক-শিক্ষার্থীদের রাজনীতির স্বার্থে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার জন্য বরাদ্দ বাজেটের অর্থ অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা যাবে না। চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করতে হবে।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয়। শুধু বিভাগ খোলার জন্য বিভাগ চালু করলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। বরং উচ্চশিক্ষা শেষ করার পর কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানা হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন বিভাগ খোলার পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান উন্নয়ন, গবেষণা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতসংখ্যক দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
