1. বিনোদন
  2. বিস্তারিত

বুবলীর প্রযোজনার প্রথম সিনেমা জায়গা পেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

বুবলীর প্রযোজনার প্রথম সিনেমা জায়গা পেল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
বিনোদন ডেস্ক :

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এরই মধ্যে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

নতুন এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী জানান, তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রটির প্রথম পোস্টারও উন্মোচন করেন তিনি।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউস ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

এই অর্জনকে নিজের পথচলায় আনন্দ ও অনুপ্রেরণার নতুন উপলক্ষ হিসেবে উল্লেখ করেন বুবলী। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ করেন তিনি। অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নেওয়ার পর বেশ কিছুদিন শুটিং ও চলচ্চিত্রের প্রচার-প্রচারণা থেকে দূরে ছিলেন বুবলী। এবার প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করার পাশাপাশি অভিনয়েও ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন