1. ইসলাম
  2. বিস্তারিত

মসজিদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে মানতে হবে ইসলামের ১০ নির্দেশনা

মসজিদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে মানতে হবে ইসলামের ১০ নির্দেশনা
ইসলাম ডেস্ক :

মসজিদ শুধু মুসলমানদের ইবাদতের স্থান নয়, বরং ইসলামী জীবনব্যবস্থা, জ্ঞানচর্চা, সামাজিক ঐক্য ও মুসলিম সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইসলামের সোনালি যুগে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ ও রাষ্ট্র পরিচালনার নানা গুরুত্বপূর্ণ কাজও মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হতো। তাই মসজিদের পবিত্রতা, মর্যাদা ও পরিবেশ রক্ষা এবং যথাযথভাবে পরিচালনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

ইসলামী বিধান অনুযায়ী, মসজিদ নির্মাণ থেকে শুরু করে এর পরিচর্যা, পরিচ্ছন্নতা ও পরিচালনার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। সেগুলো হলো—

১. মসজিদ নির্মাণের ভিত্তি হতে হবে তাকওয়া

মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মুসলমানদের ইবাদতের সুযোগ সৃষ্টি করা। সুনাম, সুখ্যাতি কিংবা সামাজিক প্রতিযোগিতার মনোভাব থেকে মসজিদ নির্মাণ করা উচিত নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকওয়ার ওপর স্থাপিত, সেটিই আপনার নামাজের জন্য বেশি উপযোগী।’ (সুরা তওবা, আয়াত ১০৮)

২. মসজিদ নির্মাণের রয়েছে বিশেষ মর্যাদা

আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণের জন্য ইসলামে বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতেও তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন।’ (সহিহ বুখারি, হাদিস ৪৫০)

৩. মসজিদ নির্মাণ নিয়ে অসুস্থ প্রতিযোগিতা নয়

মহল্লাগত বিরোধ, বংশীয় দ্বন্দ্ব কিংবা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য একাধিক মসজিদ নির্মাণ করা অনুচিত। বিশেষ করে রক্ষণাবেক্ষণের সামর্থ্য না থাকা সত্ত্বেও প্রতিযোগিতার মনোভাব থেকে মসজিদ নির্মাণের প্রবণতা পরিহার করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকারে লিপ্ত হবে।’ (আবু দাউদ, হাদিস ৪৪৯)

৪. শিরক ও বিদআতমুক্ত রাখতে হবে মসজিদ

মসজিদ আল্লাহর ঘর। সেখানে আল্লাহর ইবাদত ও ইসলামের অনুমোদিত দ্বিনি কর্মকাণ্ড পরিচালিত হবে। শরিয়তবিরোধী কিংবা ইবাদতের পরিবেশ নষ্ট করে এমন কাজ থেকে মসজিদকে মুক্ত রাখতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না।’ (সুরা জিন, আয়াত ১৮)

৫. ইবাদত ও দ্বিনি কর্মকাণ্ডে মসজিদ আবাদ রাখতে হবে

মসজিদ শুধু নামাজের সময় খোলা রাখার জায়গা নয়। নামাজ, কোরআন শিক্ষা, ধর্মীয় আলোচনা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মসজিদকে প্রাণবন্ত রাখতে হবে। ইসলামের প্রাথমিক যুগে মসজিদ ছিল ধর্মীয় শিক্ষা, সামাজিক বিচার ও গুরুত্বপূর্ণ পরামর্শের কেন্দ্র। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মসজিদ আবাদ করবে যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে।’ (সুরা তওবা, আয়াত ১৮)

৬. মসজিদের নাম হতে হবে সুন্দর ও অর্থবহ

মসজিদের নামকরণের ক্ষেত্রে শ্রুতিমধুর ও অর্থবহ নাম নির্বাচন করা উত্তম। মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও বায়তুল মামুর এর উল্লেখযোগ্য উদাহরণ। স্থান বা ব্যক্তির নাম অনুসারেও মসজিদের নামকরণ বৈধ। রাসুলুল্লাহ (সা.) তাঁর মসজিদে নামাজ আদায়ের বিশেষ ফজিলতের কথা বর্ণনা করেছেন। (ইবনে মাজাহ, হাদিস ১৪০৬)

৭. মসজিদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে

মসজিদ আল্লাহর ঘর। সেখানে সব শ্রেণির মুসলমান নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ পাবেন। ব্যক্তিগত বিরোধ, দলীয় স্বার্থ কিংবা অন্য কোনো কারণে কাউকে মসজিদে ইবাদত ও দ্বিনি কর্মকাণ্ডে বাধা দেওয়া উচিত নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে?’ (সুরা বাকারা, আয়াত ১১৪)

৮. পবিত্র ও পরিচ্ছন্ন অবস্থায় মসজিদে যেতে হবে

মসজিদে প্রবেশের আগে পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে হবে। পরিষ্কার পোশাক পরিধান করতে হবে এবং শরীর বা পোশাকে কোনো ধরনের দুর্গন্ধ থাকলে তা দূর করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান, তোমরা প্রতি নামাজের সময় তোমাদের সৌন্দর্য (পবিত্র পোশাক) গ্রহণ করো।’ (সুরা আরাফ, আয়াত ৩১)

৯. মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা করা সবার দায়িত্ব

মসজিদে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মসজিদে থুতু ফেলা পাপ। এ পাপের মার্জনা হলো তা পরিষ্কার করা।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস ১৬৩৭)

১০. মসজিদের আদব ও শিষ্টাচার মেনে চলতে হবে

মসজিদে প্রবেশ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু আদব ও শিষ্টাচার রয়েছে। যেমন—ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, বিসমিল্লাহ ও প্রবেশের দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা, দুই রাকাত তাহিয়্যাতুল মাসজিদ নামাজ আদায় করা এবং আল্লাহর জিকিরে মগ্ন থাকা। অন্য মুসল্লির ইবাদতে বিঘ্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। বের হওয়ার সময় দোয়া ও ইস্তেগফার পড়া এবং বাঁ পা দিয়ে বের হওয়াও মসজিদের আদবের অন্তর্ভুক্ত। (আহকামুল মাসাজিদ, পৃষ্ঠা ৪৩১-৩৫)

মসজিদ পরিচালনায় দায়িত্বশীল হতে হবে সবাইকে

ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদ পরিচালনার সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মক্তব পরিচালক, মসজিদ কমিটি এবং দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা সম্পৃক্ত। প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।

ইমাম যথাযথভাবে নামাজ পরিচালনার পাশাপাশি মুসল্লিদের দ্বিনি জ্ঞান, ঈমান ও আমলের উন্নয়নে ভূমিকা রাখবেন। মুয়াজ্জিন নিয়মিত আজান দেবেন এবং ইমামকে সহযোগিতা করবেন। খাদেমরা মসজিদের পরিচর্যা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। মক্তব পরিচালক শিশুদের ফরজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যদিকে মসজিদ কমিটি ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা মসজিদ ও মুসল্লিদের প্রয়োজন পূরণে কাজ করবেন।

মসজিদের সার্বিক ব্যবস্থাপনায় পারস্পরিক পরামর্শ, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদকে কেন্দ্র করে বিভেদ নয়, বরং ঐক্য, সম্প্রীতি ও দ্বিনি চেতনা জোরদার করাই হওয়া উচিত সবার লক্ষ্য। (আহকামুল মাসাজিদ ফিশ-শারিয়াতিল ইসলামিয়া, পৃষ্ঠা ৪০৫-৮)
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন