1. সাহিত্য
  2. বিস্তারিত

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ঝুঁকি শেখাবে ‘সাংবাদিকের এআই’

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ঝুঁকি শেখাবে ‘সাংবাদিকের এআই’
সাহিত্য ডেস্ক :

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের নতুন বই ‘সাংবাদিকের এআই’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা লাবিবায়ান। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত বইটির প্রথম সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৭০ টাকা।

সাংবাদিকতার প্রতিদিনের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায়, কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিটির সহায়তা নেওয়া সম্ভব এবং এর ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ফলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা ব্যবহারিক উদাহরণ ও নির্দেশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে।

৫০টি অধ্যায়ে সাজানো বইটিতে সংবাদ পরিকল্পনা থেকে শুরু করে তথ্য অনুসন্ধান, গবেষণা, সাক্ষাৎকারের প্রস্তুতি, অডিও থেকে বক্তব্য লিখে নেওয়া, সরকারি নথি ও বাজেট বিশ্লেষণ, উপাত্তনির্ভর সাংবাদিকতা, সংবাদ লেখা ও সম্পাদনা, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতায় এআই ব্যবহারের কৌশল আলোচনা করা হয়েছে।

এ ছাড়া ভাইরাল ছবি, ভিডিও ও অডিও যাচাই, কৃত্রিমভাবে তৈরি ভুয়া দৃশ্য শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সূত্র অনুসন্ধান, সংবাদ আর্কাইভ বিশ্লেষণ এবং সংবাদকক্ষ পরিচালনায় এআইয়ের ব্যবহার নিয়েও পৃথক অধ্যায় রয়েছে। ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট তৈরিতে প্রযুক্তিটির প্রয়োগ সম্পর্কেও তুলে ধরা হয়েছে বিস্তারিত আলোচনা।

বইটিতে প্রযুক্তির ব্যবহারিক দিকের পাশাপাশি ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন লেখক। এআইয়ের ভুল তথ্য বা কল্পিত তথ্য শনাক্ত করা, ভুয়া তথ্য যাচাই, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সংবাদসূত্রের নিরাপত্তা এবং এআইয়ের সহায়তায় তৈরি সংবাদ প্রকাশের নীতিমালা নিয়ে রয়েছে প্রয়োজনীয় নির্দেশনা।

লেখক আনিসুর বুলবুল বলেন, ‘এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে, তবে সত্য যাচাই ও প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা কোনোভাবেই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। এআইয়ের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং পাঠকের আস্থা রক্ষা করা সাংবাদিকের মৌলিক দায়িত্ব। এই উপলব্ধি থেকেই বইটি লেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবহারকারীদের জন্য এআইয়ের প্রাথমিক ধারণার পাশাপাশি অভিজ্ঞ সাংবাদিকদের কাজেও প্রয়োগযোগ্য বিভিন্ন কৌশল স্থান পেয়েছে বইটিতে। সংবাদ পরিকল্পনা, গবেষণা ও লেখার জন্য নির্বাচিত নির্দেশনা, এআই ব্যবহারের আগে ও পরে যাচাইয়ের তালিকা, সংবাদ প্রকাশের পূর্ববর্তী তথ্য যাচাইয়ের নির্দেশিকা এবং সংবাদকক্ষে এআই ব্যবহারের নমুনা নীতিমালাও যুক্ত করা হয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় রহমান। বইটি অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারিতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রকাশকের ওয়েবসাইট labibayan.com-এ ২৫ শতাংশ ছাড়ে বইটি কেনার সুযোগ রয়েছে।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন