ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৯০ পিস ইয়াবাসহ দুই ভাই আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় মিজান মিয়ার দুই ছেলে শাকিল (২০) ও মোহাম্মদ আকাশ (২৩)কে আটক করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর কাজী সানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মিজান মিয়ার বসতঘরে অভিযান চালায়। এ সময় তাঁর ছেলে মোহাম্মদ আকাশের শয়নকক্ষ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রাখার অভিযোগে মিজান মিয়ার দুই ছেলে শাকিল ও আকাশকে আটক করা হয়। তাঁরা কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার বাসিন্দা।
কসবা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :