প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে তিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত মেট্রোরেল প্রকল্পগুলো হলো এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি)। তিনটি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।
এর মধ্যে এমআরটি লাইন-১ প্রকল্পের দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার এবং এতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের দৈর্ঘ্য ২০ কিলোমিটার, এতে ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। আর এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার এবং এর ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
মেট্রোরেল প্রকল্পগুলোর অর্থায়নেও থাকছে আন্তর্জাতিক সহযোগিতা। এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন রয়েছে। অন্যদিকে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়নের কথা রয়েছে।
একনেক সভায় দেশের রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা করতে নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। ৫২ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৮২২ কোটি টাকা। প্রকল্পে সরকারি অর্থায়নের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের উন্নয়ন সহায়তা থাকবে।
প্রকল্পটির আওতায় রেলপথে বৈদ্যুতিক ট্রাকশন ব্যবস্থা চালুর পাশাপাশি বৈদ্যুতিক ট্রেন পরিচালনার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
একনেকের এ অনুমোদনের ফলে রাজধানী ও আশপাশের এলাকায় গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণের পাশাপাশি দেশের রেল যোগাযোগে বিদ্যুতায়নের উদ্যোগও এগিয়ে গেল। তিন মেট্রোরেল প্রকল্প এবং নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটের বৈদ্যুতিক ট্রেন প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীকেন্দ্রিক যাতায়াত ব্যবস্থায় নতুন অবকাঠামো যুক্ত হবে।
আপনার মতামত লিখুন :