পুলিশে বড় রদবদল, একযোগে ১১ কর্মকর্তার বদলি ও পদায়ন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য রওনা হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৮ অক্টোবর থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে একই পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে বদলি করা হয়েছে। এ ছাড়া পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর জারি করা ওই বদলির আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ-সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :